ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা, আয়াতুল্লাহ খামেনীসহ মন্ত্রীদের হত্যা এবং বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
শহরের প্রধান প্রধান সড়কে মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সদস্য জাহিদুল হক। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য আমিনুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের স্থানীয় নেতা সবুজ মিয়া ও শামীম আরা মিনা।
সমাবেশে বক্তারা বলেন, “মার্কিন সাম্রাজ্যবাদ ইসরায়েলকে ব্যবহার করে ইরানে বর্বর হামলা চালিয়েছে এবং খামেনীসহ পদস্থ ব্যক্তিদের হত্যা করেছে। শুধু ইরান নয়, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে কারাবন্দী করা, ফিলিস্তিনে বছরব্যাপী দখলদারিত্ব চালানো এবং পাকিস্তানের মাধ্যমে আফগানিস্তানে হামলাসহ বিশ্বজুড়ে মার্কিন মদদে অস্থিরতা তৈরি করা হচ্ছে।”
দেশীয় রাজনীতির সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, “মার্কিন সাম্রাজ্যবাদের এসব অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের সরকার বা প্রধান বিরোধী দলগুলোর কোনো প্রতিবাদ নেই। কারণ তারা পুঁজিপতি শ্রেণির স্বার্থ রক্ষায় কোনো না কোনো সাম্রাজ্যবাদী গোষ্ঠীর সাথে আঁতাত করে চলে।”
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমানে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই আর পুঁজিবাদ বিরোধী লড়াই অবিচ্ছেদ্য। পুঁজিবাদ নির্মূল না হলে সাম্রাজ্যবাদের এই নগ্ন থাবা বন্ধ হবে না। সমাবেশ থেকে সারা বিশ্বের কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
Leave a Reply