সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সারিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনকারী ৫ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত সবুজ কুমার বসাক।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার হাটশেরপুর ইউনিয়নের খেপির পাড়া গ্রামের যমুনা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হতো। মঙ্গলবার সন্ধ্যায় অবৈধভাবে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে চালুয়াবাড়ী ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের মরহুম আবুল খাঁর ছেলে নুরুল ইসলাম (৪০) কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একই ইউনিয়নের বহুলাডাঙা গ্রামের জুয়েল হকের ছেলে আলাল শেখ (২৮), ধারাবর্ষা গ্রামের মৃত আশরাফ ব্যাপারির ছেলে মোজাফফর (৪৫), শিমুলতাইড় গ্রামের করিম প্রাং এর ছেলে অজিত মিয়া (২৮) ও মৃত বাদশা সরদারের ছেলে মন্টু সরদার (২৮) কে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে রাস্তার উপরিভাগে রক্ষিত পাইপসহ পাইপের বিভিন্ন অংশ ভাংচুর করা হয় এবং নমুনা সংরক্ষণ করা হয়। পরে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি আটক করা হয়।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সবুজ কুমার বসাক বলেন, কারাদণ্ড প্রাপ্ত আসামিদের বগুড়া জেলার কারাগারে প্রেরণ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।
জাহাঙ্গীরআলম
সারিয়াকান্দি বগুড়া
০১৭২১৩৫১৬৬৪

Posted inঅপরাধ
