উৎসবমুখর পরিবেশ ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে রাজশাহীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। পরে জাতীয় পতাকা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। বক্তব্যে প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন পর্যায়ে কাজ করা হচ্ছে। ইউনিয়ন ও বিদ্যালয় পর্যায় থেকে প্রায় ২২ লাখ শিক্ষার্থীকে ফুটবলের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি দাবা, হ্যান্ডবলসহ অন্যান্য খেলাকেও সমান গুরুত্ব দিতে হবে। প্রতিটি শিশু-কিশোরের আলাদা প্রতিভা ও দক্ষতা রয়েছে। যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ পেলে এসব প্রতিভা বিকশিত হয়ে ভবিষ্যতে খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের সুযোগ তৈরি হবে। নতুন প্রতিভা অন্বেষণে ‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর মতো আয়োজনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আজকের মাঠের খেলোয়াড়দের মধ্য থেকেই ভবিষ্যতে দেশ ও জাতির জন্য গৌরব বয়ে আনা ক্রীড়াবিদ তৈরি হবে। রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. শামীম আরা চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী আয়োজনকে ঘিরে স্টেডিয়ামজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
সিনিয়র স্টাফ রিপোর্টার – আবুল বাশার
