সাবরিনা সাবা মার্শার কবিতা-ভালো থেকো।
সাবরিনা সাবা মার্শার কবিতা-ভালো থেকো।

সাবরিনা সাবা মার্শার কবিতা-ভালো থেকো।

আমি হাঁটছি
সাথে পাতারাও হাঁটছে।
তুমি গ্লাসের পর গ্লাস পাহাড়ী চু মেরে
বুঁদ হয়ে প্রেমিকার রাগ ভাঙাতে চলে গেলে।
আমি রাস্তা পার হলাম
আমার সাথে তালে তাল মিলিয়ে
পাতারাও রাস্তা পার হলো।
কয়েক কদম পেরিয়েই বসার জায়গা,
ষাটোর্ধ এক বৃদ্ধ বসে আছেন।
কিছু না ভেবেই বসে পড়লাম।
পাতারা তখনও ছোটাছুটিতে ব্যস্ত।
শীতল বাতাসে আমার চোখ ভিজে যাচ্ছে।
মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকি পাতাদের দিকে।
চিন্তা করি আকাশপাতাল জীবন পার্থক্য।
হঠাৎ একটা বাস এসে থামলো।
আমি দাঁড়িয়ে গেলাম।
বাসে উঠার জন্য বৃদ্ধটিকে জায়গা করে দিতেই
অনেকটা ভাঙা কন্ঠে বলে উঠলেন ” মাই লেডি আফটার ইউ”।
আমি মুচকি হেসে সম্মতি জানিয়ে বাসে উঠার সাথে সাথেই বাসচালিকা বলে উঠলেন “সুইটহার্ট হোয়াই আর ইউ স্যাড? আর ইউ হ্যাভিং এ্যা ব্যাড ডে?”
অন্যমনস্ক থাকলেও অনেকটা থতমত খেয়ে
হালকা হেসে সিচুয়েশনটাকে সামলে নেবার
চেষ্টা করলাম।
এরপর…পুরোটা পথ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকলাম
শীতকাল চলে এলো আবার।
গাছেদের ঘুমিয়ে যাবার সময় এখন।
জানো,আমার এবার সত্যি সত্যি মন খারাপ হয়ে গেলো?
তারপর থেকে একটা বিষাদময় সময় কাটাচ্ছি।
তোমাকে এই শীত শীত আমেজে
একটা শুকনো ক্রিসামথিমামের গাছ পাঠিয়ে দিলাম। জানালা খুললেই দেখতে পাবে।

ভালো থেকো।

©সাবরিনা সাবা মার্শা
১০.২৫.২০২৪

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *