অপেক্ষার বরদান
যখন মনে হয়—সব হারিয়ে গেছে,
হৃদয়ের আঙিনায় নামে নিঃস্বতার ছায়া।
হাতের মুঠোয় থাকে না কোনো ভরসা,
চারদিকে শুধু ভাঙনের ধূসর মায়া।
তখন প্রকৃতি নীরবে বলে ওঠে কথা,
শোনো—গাছও বছরে একবার নিঃস্ব হয়।
পাতাহীন ডালে সে দাঁড়িয়ে থাকে নির্বিকার
শীতের হাওয়ায় কাঁপে, তবু ভাঙে না হৃদয়।
ঝরা পাতার নিচে ঘুমিয়ে থাকে বসন্ত,
নগ্ন শাখায় জমে থাকে সবুজের স্মৃতি।
রাত যতই দীর্ঘ হোক, ভোর আসে ধীরে,
অন্ধকারেই লুকিয়ে থাকে আলোর দীপ্ত-দ্যুতি ।
ধৈর্যের শিকড়ে স্পন্দিত হয় নতুন প্রাণ,
নীরব অপেক্ষায় জন্ম নেয় দিন।
ঝড়ের শেষে ফিরে আসে পাখির গান,
কালো মেঘের আড়ালেই ফোটে নতুন মেহজাবিন।
যদি আজ তোমার সব আশা ঝরে যায়,
হয়ে যাও নিঃস্ব—সব হারানোর ভারে,
ভেবো না—এই শূন্যতাই শেষ পরিণাম,
শূন্যতার বুকে গোপনে জেগে থাকে আগামী।
পাতাঝরার মধ্যেই লেখা থাকে ভবিষ্যৎ,
নগ্ন শাখায় ঘুমিয়ে থাকে সবুজের স্বপ্ন।
আবার সবুজ হবে সে—বৃক্ষেরই প্রতিজ্ঞা,
এটা বিলয় নয়; জীবনেরই বিবর্তন।
–
Leave a Reply