গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়িতে বাড়ির উঠান দিয়ে রাস্তা না দেওয়কে কেন্দ্র করে স্কুল শিক্ষক মোশাররফ হোসেন ভুঁইয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ধুবনি কঞ্চি বাড়ির হামিদা খাতুন, মাধ্যমিক এসএসসি ভোকেশনাল স্কুলের ল্যাব অ্যাসিস্ট্যান্ট হামিদুল ইসলাম ডাকুয়ার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও তা মামলা হিসেবে রেকর্ড করা হয়নি বলে দাবি করেছেন শিক্ষক মোশাররফ হোসেন। বুধবার গাইবান্ধা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে শিক্ষক মোশাররফ হোসেন জানান, তিনি গাইবান্ধা সদর উপজেলার লেংগবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং সুন্দরগঞ্জের বজ্রাকঞ্চিপাড়া গ্রামের বাসিন্দা। তার অভিযোগ, প্রতিবেশী আশরাফুল আলম ভুঁইয়া ও তার শরিকেরা আগে বাড়ির দক্ষিণ পাশ দিয়ে পারিবারিক রাস্তা ব্যবহার করলেও বর্তমানে জোর করে তার বাড়ির উঠান দিয়ে চলাচল শুরু করেন। এতে পরিবারের বিশেষ করে নারীর গোপনীয়তা ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় বিরোধের সৃষ্টি হয়। তিনি অভিযোগ করেন, এর জেরে গত ৯ আগস্ট হামিদুল ইসলাম ডাকুয়ার নেতৃত্বে রজি বেগম, ইদ্রিস আলী ভুঁইয়া, রুহুল আমিন ভুঁইয়া সুজা, সাইফুল ইসলাম ভুঁইয়া বাবুলসহ কয়েকজন তার বাড়িতে হামলা চালান। এ সময় সীমানা প্রাচীর ভেঙে ঘরে ঢুকে প্রায় দেড় লাখ টাকার স্বর্ণালঙ্কার ও এক লাখ টাকা নগদ লুট করে নেওয়া হয় বলে দাবি করেন তিনি। এ সময় ৯৯৯ নম্বরে ফোন করেও তাৎক্ষণিক সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন মোশাররফ হোসেন। পরে সেদিনই সুন্দরগঞ্জ থানায় অভিযোগ দিলেও তার রেকর্ডভুক্ত করা হয়নি এবং তাকে হেনস্তা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এর আগেও গত ২০ এপ্রিল শিক্ষক মোশাররফ হোসেনের বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে থানার ওসি, পুলিশ ফাঁড়ির ইনচার্জ, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশে বাড়ির দক্ষিণ পাশ দিয়ে রাস্তা দেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী রাস্তার জন্য আড়াই শতক জমি ইউনিয়ন পরিষদের নামে দেওয়া, জমির মূল্য বাবদ ৩ লাখ টাকা এবং সীমানা প্রাচীর ভাঙার ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ টাকা শিক্ষককে দেওয়ার কথা ছিল। তবে অভিযুক্তরা পরে ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে জমি নিজের নামে দাবি করেন এবং প্রাচীর ভাঙার ১ লাখ টাকার পরিবর্তে প্রায় ১৫ হাজার টাকা দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এসব ঘটনার প্রতিকার, থানায় অভিযোগটি রেকর্ডভুক্ত করা এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষক। সংবাদ সম্মেলনে তার বড় ভাই মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়া, প্রতিবেশী আব্দুল মান্নান মিয়া, সাইদুর রহমান ও আঙ্গুর মিয়া উপস্থিত ছিলেন।
Leave a Reply