আমার কোনো দুঃখ নেই
শাহীন রেজা
আমার কোনো দুঃখ নেই–
জোছনা পেয়ালায় চুমুক দিতে দিতে
হেমলক হয়ে গেছে সমস্ত লিকার
বিষ পানে কবির মৃত্যু আছে
কবিতার নেই;
কেন আর খুঁজে পায় না দহন সক্রেটিস চোখ নক্ষত্র জলসায় ফোটে না চন্দ্রকলি–
ভালোবাসার রাত ফুরায় সহজে
দুঃখের ক্ষণগুলো দীর্ঘ ক্রমশ;
ছায়ার ঠোঁটের নীচে ক্রমাগত দগ্ধ শ্রাবণ
আমার কোনো দুঃখ নেই–
মেঘগুলো পড়ে থাক চিরবনবাসে।
১৩ই আগস্ট ২০২৩

