ছিনতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উধাও, যশোরে আটক যুবক

ছিনতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উধাও, যশোরে আটক যুবক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ছিনতাই হওয়া মোটরসাইকেল নিয়ে এক কিশোরীকে সঙ্গে করে উধাও হওয়ার ঘটনায় বাবু বেপারী (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) যশোর থেকে তাকে ছিনতাইকৃত মোটরসাইকেলসহ আটক করে টঙ্গীবাড়ী থানা পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা ১৫ বছর বয়সী এক কিশোরীকেও উদ্ধার করা হয়।

আটক বাবু বেপারী মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর গ্রামের শাহজাহান বেপারীর দ্বিতীয় স্ত্রীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলের পেছনে এক কিশোরীকে বসিয়ে যশোর জেলার বিভিন্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই যুবক। এ সময় যশোরের ট্রাফিক পুলিশের সন্দেহ হলে তারা মোটরসাইকেলটি থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। কিন্তু মোটরসাইকেলের কাগজপত্র দেখাতে না পারায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীবাড়ী থানা পুলিশকে খবর দেওয়া হয়। এরপর টঙ্গীবাড়ী থানা পুলিশ যশোর থেকে বাবু বেপারী, ধীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান (১৫) এবং মোটরসাইকেলটি থানায় নিয়ে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর রাতে টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের রাউৎভোগ ঘোষবাড়ী সেতুর সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই সময় ধীপুর গ্রামের মৃত ইয়াজ উদ্দীন ঢালীর ছেলে আমেরিকাপ্রবাসী জুয়েল ঢালীর একটি মোটরসাইকেল, আইফোন, গলার চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় পরে টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন জুয়েল ঢালী।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ জানান, ছিনতাইয়ের মামলায় বাবু বেপারীকে আটক করা হয়েছে। তার সঙ্গে থাকা কিশোরীকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *