“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজ প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।
আলোচনা সভা শেষে সিংড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় এক বাস্তবসম্মত অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ভূমিকম্প চলাকালীন নিরাপদ আশ্রয়ে যাওয়া, অগ্নিকাণ্ডের সময় উদ্ধারকাজ পরিচালনা এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের সামনে বাস্তবসম্মত নানা কৌশল প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
