রেজা রহমান এর লেখা-কী পড়াও তুমি অধ্যাপিকা
রেজা রহমান এর লেখা-কী পড়াও তুমি অধ্যাপিকা

রেজা রহমান এর লেখা-কী পড়াও তুমি অধ্যাপিকা

কী পড়াও তুমি অধ্যাপিকা?
রেজা রহমান

এত কাশছেন কেন সেরে উঠতেই যদি চান
তুলসী পাতার রস সাথে মধু তিন বেলা খান।
তুলসী পাতাটা দেব মধু তো আছেই জানি ঘরে
আর কিছু লাগবে না বলেছিলে আজও মনে পড়ে।

মরবো বলেই বুঝি সেরে উঠেছিল প্রত্নপ্রাণ
সাবধানে মার নেই মারেরও কি ছিল সাবধান?
ঘটনাটা সামান্যই কবেকার দিনবিশেষের
সেটাই কি শুরু ছিল না কি ছিল সূচনা শেষের?

অসুখটা চিনি আমি আরোগ্যও কিছু যদি চিনি
তোমার কাছেই শুধু অধ্যাপিকা থেকে গেছি ঋণী।
অসুখই কি দেখ তুমি তাকালেই ছাত্রদের মুখে
আজও কি শেখাও ক্লাশে কীসে হয় আরোগ্য অসুখে?

নেভে না কখনো যদি একবার জ্বলে ওঠে শিখা
আজও কি শেখাও তুমি শুদ্ধতম অগ্নি অধ্যাপিকা?
অঙ্কে খুব পাকা ছিলে অঙ্কে সঁপেছিলে মনপ্রাণ
অঙ্ক কি শেখাও তুমি ক্লাশে আজও হিশাববিজ্ঞান?

সেই এক দিন গেছে চোখে জল যখন তখন
তুমি গেয়ে উঠলেই কোথায় হারিয়ে যেত মন।
মানুষমাত্রই জানে শস্যক্ষেত্রে জলের ভূমিকা
সে চোখের জলটা কী দিয়েছিল জানো অধ্যাপিকা?

দিয়েছিলে স্বাধীনতা বাসরশয্যার মত পেতে
দিয়েছিলে পার্থক্যটি দিয়েছিলে রাত থেকে যেতে।
সেই রাতে বলোনিকি ফেরার উপায় নেই আর
আলোটা নিভিয়ে জ্বেলে দাওনিকি প্রত্নঅন্ধকার?

নিজেই আগুন জ্বেলে নিজে তুমি দাওনিকি ঝাপ
বলোনিকি নিজ মুখে আমাকে না-ভালোবাসা পাপ?
কেন শূন্যতাকে দিতে গেলে তুমি দৈর্ঘ প্রস্থ বেধ
থাকা না-থাকার মধ্যে সে বিশ্বাসঘাতক প্রভেদ?

চেনালে তুমিই জল-পাথরের সে পার্থক্য রেখা
শেখালে কবিতা লেখা মানে শুধু ভালোবাসা লেখা।
কবিতা লেখা কি তুমি অধ্যাপিকা শেখাও এখনো
যে গান শোনাতে আগে সে গান কি নিজে তুমি শোনো?

[২৪.০৪.১১—২০.১১.১৯]

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *