অপেক্ষা
তোমাদের সাথে দেখা হবে বলে
অপেক্ষায় থাকি,
শিশিরের জল পায়ে হেঁটে যাই ঘোরলাগা রাতে,গাঢ় ঘুমে
জেগে থাকে অসমাপ্ত রাত।প্রতিবেশী একখন্ড
ভোরের জন্য উন্মুখ থাকি
সারাটা প্রহর!
কখন যে দেখা হবে,বেলা বাড়ার সাথিদের সাথে,কখন যে এক্কা দোক্কা,কপালে আলতো টোকায়
ডাক দেবো কোনো প্রিয় ফুল কিংবা নদ নদীর নামে।
আসলে তোমার কপালে আঙুলের ছোঁয়া দেবো বলে
পুরো বাল্যকাল অপেক্ষায় থাকি।
তোমাদের সাথে আবার কি দেখা হবে?
কোনো মাঘের মেলায় কিংবা পৌষের শিশির ভেজা দুর্বাঘাসে পদচিহ্ন দেখে চিনে নেবো
সেই প্রিয় মুখ!
অপেক্ষায় থাকি,আবার সেই ভাঙা স্কুল,বেঞ্চিতে লেখা প্রিয় নাম,ছোট্ট নদীর ভেতর অবিরাম ডুবসাঁতার!
অপেক্ষায় থাকি,কখন যে দরোজায় মৃদু টোকা দিয়ে চিরচেনা ডাকনাম ধরে ডাক দেবে খুব চেনাস্বরে!
অপেক্ষায় থাকি,অসমাপ্ত রাত
একটি নিটোল ভোরের জন্য যেমন নিবিড় অপেক্ষায় থাকে।
টরন্টো
০৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
Leave a Reply