হারাই যদি তোমারে
মিঞা মাহবুব
………………………
সে-তো আইলা-ই
সব হারাইয়া তবে আইলা ।
সোমত্ত পৌরুষ হাঁক দেয় না আর যৌবনের
সোনার গতর খাইছে লাটনিলামে
উপার্জন কেবল কড়ির বদলে মলিন বদন ।
শেষমেষ আমিই তোমার ভরসা, আঁচল ভরা উঠান
অনাদরে ছুঁড়ে ফেলা- আমিই তোমার শেষ সম্বল ।
লোকে বলে প্রথম বউ এর পিরিতি নাকি
হয় না – অনেকগুলা বউ এর পিরিতির সমান ।
সেই কবে আমারে বনবাসে থুইয়া হইলা নিরুদ্দেশ
খোরপোষ দিলা না, খবর নিলা না, আইলাও না,
হুইনছি দূর পরবাসে সিধা-সরল পুরুষ পাইলে
নাগিনীরা চোখের বাণে পথ আটকায়,
পরাণ মানে না, হারাই যদি তোমারে !
কত তাবিজ-কবজ বাইন্দাছি গলায় ।
সে-তো আইলা-ই
সব হারাইয়া তবে আইলা
সাধের যৈবন বাসি হইল পারলাম না রাখতে বাইন্ধা,
কাঁচা চুলে পাক ধরিছে বয়সে খাইছে তনুকার নব্যতা
কোন রাক্ষুসী আজদাহা আটকাইছিলো তোমারে
আমারে থুইয়া এতগুলা দিন কাটাইলা কেমন করে ?
………………………………………….
Leave a Reply