নাটোরের সিংড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় সিংড়া পৌর কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।
সভায় পূজা উদযাপনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনে গৃহীত নানা প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, উপজেলার প্রতিটি পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সার্বক্ষণিক মনিটরিং ও কন্ট্রোল রুম চালু থাকবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, ইটালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এনতাজ আলী, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি গিয়াসউদ্দিন আল মামুন এবং সিংড়া উপজেলা এনসিপির সদস্য সচিব মিজানুর রহমান।
এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং সাংবাদিকগণ সভায় অংশ নেন।
উল্লেখ্য, এ বছর সিংড়া উপজেলার সর্বমোট ৯৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সিনিয়র স্টাফ রিপোর্টার – আবুল বাশার.

