লেখক বেলাল উদ্দীন এর লেখা কবিতা:-গুরু_শিষ্যের_সংলাপ

লেখক বেলাল উদ্দীন এর লেখা কবিতা:-গুরু_শিষ্যের_সংলাপ

গুরু_শিষ্যের_সংলাপ
————–

হাজার কোটি টাকার মালিক
ক্যামনে হবো গুরু?
পথের দিশা দেন গো গোসাঁই
সেই কাজ করবো শুরু।

গোসাঁই বলেন—-তপধ্যানে
কর্ম করে যাবে,
তবেই বৎস তোর অভিলাষ
পূর্ণতার রূপ পাবে।

আচ্ছা গুরু! তাই যদি হয়
প্রশ্ন একটা করি?
কুলি মজুর শ্রমিক কেনো
বাইছে দুখের তরী?

ঠেলাওয়ালার মাথার ঘামে
ঝাপসা হচ্ছে আঁখি,
দেহের রক্ত-জল হয়ে তার
ধুঁকছে পরাণ-পাখি?

পোশাক শিল্পে কর্ম করে
সিতা লতা মিতা,
তাদের বুকে জ্বলছে সদা
অপমানের চিতা?

তুমি গোঁসাই বিলাস বহুল
অট্রালিকায় থাকো,
তুমি কি আর-ওদের ব্যথা
চিত্তে ধরে রাখো?

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *