কবি মোঃ মোশারফ হোসেন এর কবিতা-প্রজন্মের পথ

কবি মোঃ মোশারফ হোসেন এর কবিতা-প্রজন্মের পথ

প্রজন্মের পথ
——মো: মোশাররফ হোসেন

তাঁরা একদিন ছিল প্রভাতের তরুণ সূর্য,
কাঁধে কাঁধ মিলিয়ে গড়েছিল সভ্যতার প্রাসাদ।
তাদের হাতেই শুরু হয়েছিল গেরস্থালি,
জমেছিল ফল ফসলের সোনালী মাঠ,
শিক্ষার আলো পৌছেছিল দোরগোড়ায়।
আজ সেই কারিগর, সেই নির্মাণের স্থপতিরা—
পড় থাকে ঘরের এক নিভৃত কোণে,
যেন একটুকরো বিস্মৃত কালের ছায়া।
তাদের কণ্ঠে জমে আছে অভিজ্ঞতার গল্প,
কিন্তু কেউ আর সে সব শোনে না এখন—
সবার চোখ এখন মোবাইল আর মুনাফায়।
ছায়ারা উন্মুখ হয়ে চেয়ে থাকে দরজার দিকে,
হয়তো কেউ বলবে, বাবা, তুমি পাশে বসো
হয়তোবা কেউ গদগদ কন্ঠে বলবে—
মায়ের হাতের রান্নার গন্ধ এখনো মন কাড়ে।
কিন্তু না, এ সব এখন আর কানে আসে না।
তাদের ডাক পড়ে কেবল শিশুদের দেখাশোনা
অথবা জমিজমার দলিলে স্বাক্ষর নিতে—
মুখেই বলা শুধু, বৃদ্ধেরা আমাদের মূলধন
কিন্তু তারা আসলে পুরনো কোটের মতো,
যা গায়ে দিয়ে শীত কাটানো গেলেও
সমাজে মেশা যায় না।
অথচ তাঁরাই একদিন বুক পেতে দিয়েছিল
বৃষ্টিতে ভেজা দুর্বল সন্তানের জন্য,
তাঁদের ঘামে ভিজেছিল দেশের মাটি,
তাঁরা ঘুমের বিনিময়ে সন্তানের স্বপ্ন কিনেছিল।
কিন্তু সে স্বপ্ন আজ ভেঙে কাঁচের টুকরো।
স্বপ্ন এখন শুধু এক চিলতে বারান্দা
বা একপাশের খাটের কোণে সীমাবদ্ধ।
সবাই ভুলে গেছে অতীতের অপরাজিত ছায়াদের,
যারা নিঃশব্দে আলোকিত করে গেছে প্রজন্মের পথ।
—————- ——– ———- —————-
সাউথ ক্যারোলাইনা: ২৯/০৬/২০২৫ ইং

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *