নিঃসঙ্গতা
চেনা শহরে চেনা মানুষের ভিড়ে
প্রতিনিয়ত স্বপ্নভঙ্গ,
এক ছাদের নিচে বসবাস
তবুও মানুষ কি অদ্ভুত নিঃসঙ্গ!
এক টেবিলে পাশাপাশি বসেও
খাওয়ার সময় হয়না কথা,
চামচের টুংটাং শব্দের ফাঁকে
এক ভয়াবহ নিস্তব্ধতা!
আবেগ অনুভূতি আকাঙ্ক্ষা
সব মোবাইলের স্ক্রিনে সীমাবদ্ধ,
যন্ত্র মানব যেন সবাই
নিশ্বাস বন্ধের যোগাড় বাতাস এতই বদ্ধ।
না পাওয়ার মাঝে কি জানি সুখ
সেই মরিচীকার খোজে অস্থির,
বৃষ্টি,জোছনা পাগলা হাওয়া
সবকিছুতেই মন স্থবির!
এভাবেই কি বাচার স্বপ্ন দেখে
এমন জীবনের ছবি আঁকে?
ভালবাসার রঙ বদলে
নির্বাক হয়ে তাকিয়ে থাকে!
এই শহরে নিত্য চলে
মানিয়ে নেয়ার খেলা,
দীর্ঘশ্বাসে হালকা হেসে
কাটে সারাটা বেলা।
মনের প্রিয় কথাগুলো
প্রয়োজনের কথার ভিড়ে,
অজান্তেই যায় হারিয়ে
যুক্তিতর্ক অভিযোগের তীরে!
দিন বছর যুগ পেরোলো
মানুষ হলোনা চেনা,
এই শহরে ইট পাথরে
শুধুই লেনাদেনা॥
Leave a Reply