বোহেমিয়ান সুখ
–
সুখকে কখনো পিছু টেনে ধরি না-
সে আসে হঠাৎই দলবেঁধে,
মূহুর্তেই সমস্ত ব্যর্থতাকে
বুকের আঙিনায় জড়ো করে,তারপর
একটা আধপোড়া সিগারেটের মতো
নিভে আসে নিঃশব্দে।
তুমি একদিন বলেছিলে—
“প্রেম শেষ হলে মানুষ দর্শনের দিকে ঝুঁকে পড়ে।”
আমি হেসেছিলাম,
কারণ আমি তো প্রেমেই দর্শন খুঁজতাম!
তোমার চোখে ছিলো শহরের ফ্লোরসেন্ট স্বপ্ন
আর আমার চোখে—
ভাঙা রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা অপেক্ষা।
আমরা মিলিনি কোনো বাঁকে,
তবুও দু’জনের ছায়া মিশে গিয়েছিল সন্ধ্যের রঙে।
নেশা কখনও শুধু বোতলে থাকেনি,
তোমার অনুপস্থিতিই ছিল আমার সবচেয়ে স্থায়ী মদ,
যার নেশা কেটে যায় না—
শুধু অভ্যেস হয়ে যায়।
আজকাল সুখ বলতে বুঝি—
একটা নির্জন বারান্দা,
একটা না-পাঠানো মেসেজ,
আর অন্তরে জমে থাকা
একটু ভালোবাসার পঁচা গন্ধ।
https://shorturl.fm/9LMnV