গাইবান্ধায় বামপন্থী ছাত্র সংগঠনসমূহের বিক্ষোভ সমাবেশ: অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য উপদেষ্টার বিচারের দাবি।
হামের টিকা সরবরাহে ব্যর্থতার কারণে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য উপদেষ্টার বিচার, দেশের বিভিন্ন স্থানে অব্যাহত ধর্ষণের ঘটনার বিচার এবং সাম্রাজ্যবাদী আমেরিকার সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ মে,শুক্রবার গাইবান্ধা ১নং রেলগেটে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। বামপন্থী ছাত্র সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক কামরুল হাসান বসুনিয়ার সঞ্চালনায় এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সভাপতি মৈত্রেয় হাসান জয়িতার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা সংগঠক শাকিল আহমেদ রুদ্রনীল, ছাত্র ইউনিয়ন সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক সোহাগ কুমার বর্মণসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, হামের টিকা সরবরাহে চরম অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে এ ঘটনার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে ঘটে চলা ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, আমেরিকার সঙ্গে সম্পাদিত অসম ও জনস্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি দেশের অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে এ চুক্তি বাতিলের দাবি জানান।
Leave a Reply