নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের তারাপুর গ্রামে গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (রাত) আনুমানিক দেড়টার দিকে আলম প্রামাণিকের বাড়িতে এই ঘটনা ঘটে, যা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ৪-৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল গভীর রাতে বাড়ির মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। পরে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে প্রায় ২২ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ডাকাতরা অত্যন্ত পরিকল্পিতভাবে অল্প সময়ের মধ্যে লুটপাট চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলেও ততক্ষণে ডাকাত দল পালিয়ে যায়।
ঘটনার পর থেকে তারাপুর গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে এলাকায় নিরাপত্তা জোরদার করা হোক।
Leave a Reply