লৌহজংয়ে ৪ হাজার শিক্ষার্থীর মাঝে ফলজ বৃক্ষ বিতরণ, চার বছরে ১২ হাজার চারা উপহার
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের সবুজায়নে উদ্বুদ্ধ করতে এবা গ্রুপ, ডাচ ডেইরি ও খলিলুর রহমান আইডিয়াল হাই স্কুলের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী ফলজ বৃক্ষ বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ৭ জুলাই হলদিয়া ইউনিয়নের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পাঁচ দিনব্যাপী এ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হয় শনিবার (১১ জুলাই) হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে। এদিন শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার পাশাপাশি প্রত্যেককে টিফিনও বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এবারের কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪ হাজার শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গত চার বছর ধরে ধারাবাহিকভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এ সময়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজারেরও বেশি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন এবা গ্রুপ ও ডাচ ডেইরির ব্যবস্থাপনা পরিচালক এবং খলিলুর রহমান আইডিয়াল হাই স্কুলের চেয়ারম্যান জিল্লুর রহমান রিপন মৃধা।
এ সময় তিনি বলেন, “গাছ শুধু ফল বা ছায়াই দেয় না, এটি আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী একটি করে গাছ রোপণ করে যত্নের সঙ্গে বড় করে তুলুক। আজকের এই চারা ভবিষ্যতে পরিবারের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি পরিবেশকে আরও সবুজ ও সতেজ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলুর রহমান আইডিয়াল হাই স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এই এম নাসির উদ্দিন, অনলাইন নিউজ পোর্টাল গ্রাননগর বার্তার বার্তা সম্পাদক কাজী আরিফ, সাতঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জসিম মোল্লা পল্টুসহ এবা গ্রুপ ও ডাচ ডেইরির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা দীর্ঘ চার বছর ধরে ধারাবাহিকভাবে সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে প্রতিটি পরিবারকে অন্তত একটি করে ফলজ, বনজ অথবা ঔষধি গাছ রোপণের আহ্বান জানান। আয়োজকরা জানান, পরিবেশবান্ধব এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply