মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই এলাকায় সুবিধাবঞ্চিত ও চক্ষু সমস্যায় ভোগা মানুষের জন্য দিনব্যাপী ফ্রি আই ক্যাম্পের আয়োজন করেছে লায়ন্স ক্লাব অব বিক্রমপুর ফিনিক্স। মানবিক এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জাকির হোসেন জমাদার। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিলই এলাকার জাকির হোসেন জমাদারের বাড়িতে অনুষ্ঠিত এ ক্যাম্পে স্থানীয় নিম্ন আয়ের মানুষসহ বিভিন্ন বয়সী চক্ষুরোগীরা সেবা গ্রহণ করেন। লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫এ১, বাংলাদেশ-এর সহযোগিতায় ক্যাম্পটি পরিচালিত হয়। ক্যাম্পে আগত রোগীদের চোখ পরীক্ষা করে ছানি আক্রান্তদের বিশেষভাবে বাছাই করা হয়। বাছাইকৃত রোগীদের ছানি অপারেশন ও লেন্স স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে চোখের ড্রপ, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা বিতরণ করা হয়। সকাল থেকেই চিকিৎসা প্রত্যাশী মানুষের উপস্থিতিতে ক্যাম্প প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবাগ্রহীতারা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা লায়ন্স ক্লাব অব বিক্রমপুর ফিনিক্সের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আর্তমানবতার সেবায় এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও লায়ন্স ক্লাবের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply