মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়ন বিএনপির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আড়িয়ল ইউনিয়ন বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। আড়িয়ল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুকের উদ্যোগে ও অর্থায়নে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে নারী, পুরুষ ও শিশুদের দীর্ঘ উপস্থিতি লক্ষ্য করা যায়। ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেন মেডিসিন, শিশু, ডায়াবেটিস, নাক-কান-গলা, চর্ম, যৌন ও এলার্জি রোগ বিষয়ে অভিজ্ঞ ডা. মোঃ টুটুল ঢালী। এছাড়াও গাইনি ও মেডিসিন রোগ বিশেষজ্ঞ এবং সনোলজিস্ট ডা. ফেরদৌসী আউয়াল নারী ও সাধারণ রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসকরা রোগীদের বিভিন্ন স্বাস্থ্য পরামর্শও দেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলি নান্টু মাদবর। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামীণ এলাকায় এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের জন্য অনেক উপকারী। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে উপকৃত হয়েছেন। আয়োজক মঞ্জু শেখ ফারুক জানান, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
Leave a Reply