বোনারপাড়া সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থীদের ওপর কলেজ প্রশাসনের চাপিয়ে দেওয়া অতিরিক্ত ফি ও অমানবিক আর্থিক শোষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিপ্লবী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখা। বিপ্লবী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সংগঠক শাকিল আহম্মেদ রুদ্রনীল সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফরম পূরণের ফি ২,২৫০ টাকা হলেও কলেজ প্রশাসন আদায় করছে ৪,৭১৫ টাকা। এছাড়া ভর্তির ফি এবং প্রতিবার ইনকোর্স পরীক্ষার নামে ৪শ টাকা করে আদায় সাধারণ শিক্ষার্থীদের ওপর মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ১ম বর্ষের ফরম পূরণে অতিরিক্ত ৩০০ টাকা যারা পরিশোধ করেছিলেন, তাদের সেই টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও। তা ফেরত না দেওয়া কলেজ প্রশাসনের চরম দায়িত্বহীনতা ও অনিয়মেরই বহিঃপ্রকাশ। বিশেষ সুবিধার মাধ্যমে কিছু শিক্ষার্থীকে কম ফি-তে ফরম পূরণের সুযোগ দেওয়া এবং অধিকাংশ শিক্ষার্থীর ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া সরাসরি বৈষম্যমূলক আচরণ। শিক্ষা কোনো পণ্য নয়, এটি মানুষের মৌলিক অধিকার। কিন্তু দুঃখজনকভাবে শিক্ষা নিয়ে ব্যবসা প্রতি স্তরেই চলমান রয়েছে। অতিরিক্ত ফি নির্ধারণ করে এই ব্যবসায়িক মানসিকতা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। নতুবা শ্রমজীবী ও কৃষক পরিবারের সন্তানরা অর্থাভাবে উচ্চশিক্ষা থেকে ঝরে পড়বে।” সাধারণ শিক্ষার্থীদের এই ন্যায়সংগত আন্দোলনের সাথে বিপ্লবী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পূর্ণ সংহতি প্রকাশ করছি এবং কলেজ প্রশাসনকে দ্রুত সমাধানের পথে আসার জোর দাবী জানাচ্ছি।
Leave a Reply