জয় বাংলার পংক্তিমালা
“জয় বাংলা” নিছক শব্দ বা স্লোগানমাত্র তো নয়,
এ আমার পরিচয়, আমার দুর্বিনীত অহংকার।
উচ্চারণেই রক্তে তুমুল তোলপাড়,
পিছে ফিরে দেখা-
বারুদের বীভৎস গন্ধ,
বোনের লুণ্ঠিত সম্ভ্রম,
স্ত্রীর বুকে সত্যবদ্ধ অভিমান,
মায়ের চোখের সাহসী অশ্রু,
বাবার শক্ত চোয়ালে রৌদ্রের আভা,
কতিপয় কীটের গাদ্দারী,
শয়তানের স্বজনদের বিশ্রী আস্ফালন,
ক্ষমতাসিনের বেয়োনেটে বিক্ষত সবুজ জমিন,
টগবগে তরুণের বুকে টকটকে লাল তাজা রক্ত,
কত অসীম অপেক্ষার অষ্টপ্রহর আর
অপরিমেয় ব্যথার অসহনীয় নিরব বোধ।
বাঁশের খুঁটিতে মানচিত্রের উড়াউড়ি-
একটি পতাকা।
জয় বাংলা মানেই আমার সমগ্র অস্তিত্বে তুমি,
আমার বাংলাদেশ, আমার প্রিয় জন্মভূমি।
Leave a Reply