নাটোরের সিংড়ায় কৃষি -জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে পুকুর খনন বন্ধ করার পাশাপাশি এক জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৩১ মে) দুপুরে উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী গ্রামে এই অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
আদালত সূত্রে জানা যায়, পুন্ডরী গ্রামের আরিফুল ইসলাম ও বলিবাড়ি গ্রামের আলী হাসান প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে আবাদি জমিতে পুকুর খনন করছিলেন। খবর পেয়ে দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আবাদি জমির শ্রেণী পরিবর্তন ও অবৈধভাবে মাটি কাটার অপরাধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫ ধারা অনুযায়ী পুকুর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে পুকুর খননের কাজ বন্ধ করে দেওয়া হয়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম জানান, আবাদি জমি রক্ষায় এবং অবৈধভাবে পুকুর খনন বন্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই কৃষি জমি নষ্ট করতে দেওয়া হবে না।
Leave a Reply